Advertisement Banner

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রাও

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রাও

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আজ রোববার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাংশে সক্রিয় এবং দেশের অন্যত্র তা মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

সকালে ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কি.মি.। এছাড়া ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার যশোরে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৫টা ১২ মিনিটে।

সম্পর্কিত