Advertisement Banner

যুদ্ধবিরতির সময়সীমা নিয়ে তাড়াহুড়ো নেই: ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
যুদ্ধবিরতির সময়সীমা নিয়ে তাড়াহুড়ো নেই: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কোনো প্রকার ‘সময়ের চাপ’ বা তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সংবাদমাধ্যমটির উপস্থাপিকা মার্থা ম্যাককালামের সঙ্গে এক ফোনালাপে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ।

ট্রাম্পের বরাত দিয়ে ম্যাককালাম জানান, স্থানীয় সময় বুধবার তাদের মধ্যে একটি ফোনালাপ হয়। সেখানে ট্রাম্প জানান, তিনি এই সংঘাত নিরসনে খুব দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চান না। বরং তার মূল লক্ষ্য হলো একটি ‘ভালো চুক্তি’ নিশ্চিত করা।

অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গতকাল বুধবার সংবাদমাধ্যমকে জানান, আলোচনা বর্তমানে ‘চলমান’ রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানিদের কাছে তার ‘রেড লাইন’ বা চূড়ান্ত শর্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। ট্রাম্পের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম হলো ইরানের দখলে থাকা সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে।

লেভিট আরও জানান, ওয়াশিংটন বর্তমানে তেহরানের উত্তরের অপেক্ষায় রয়েছে। ইরান সরকার বর্তমানে কোনো ‘সুনির্দিষ্ট সিদ্ধান্তে’ পৌঁছাতে পারছে না। এই অভ্যন্তরীণ সমন্বয়হীনতার কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সম্পর্কিত