ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে হুমকি নেই: আইসিসি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে হুমকি নেই: আইসিসি

ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশ দলের খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, গণমাধ্যমকর্মী কিংবা সমর্থকদের জন্য কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ বুধবার এ সংক্রান্ত এক বিবৃতিতে আইসিসির পক্ষ থেকে এসব কথা জানানো হয়। তাতে বলা হয়, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ ভিডিও কনফারেন্সে ডাকা আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে এক দিন সময় দিয়েছে আইসিসি। নয়তো বাংলাদেশের জায়গায় টি–টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়া হবে।

বিবৃতিতে আইসিসি বলছে, “ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলতে পারে–এমন কোনো স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন না থাকায় আইসিসির পক্ষে ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয়। এতে অন্য দল ও বিশ্বব্যাপী সমর্থকদের জন্য বড় ধরনের লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে এবং একই সঙ্গে এমন নজির তৈরি হবে, যা আইসিসির শাসনব্যবস্থার নিরপেক্ষতা, ন্যায্যতা ও সততাকে ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করবে।”

নিরাপত্তার বিষয়ে লেখা হয়েছে, “স্বাধীন পর্যালোচনাসহ সব ধরনের নিরাপত্তা মূল্যায়নে দেখা গেছে, ভারতে টুর্নামেন্টের কোনো ভেন্যুতেই বাংলাদেশ দলের খেলোয়াড়, গণমাধ্যমকর্মী, কর্মকর্তা ও সমর্থকদের জন্য কোনো হুমকি নেই।”

আইসিসি বলছে, “টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে এসে সূচিতে পরিবর্তন আনা বাস্তবসম্মত নয়।”

এ ছাড়া সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভবিষ্যতের বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা লিখেছে আইসিসি, “কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা–হুমকি না থাকা সত্ত্বেও সূচি পরিবর্তন করলে ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোর সংবেদনশীলতা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে—এমন একটি নজিরও তৈরি হতে পারে।”

সম্পর্কিত