মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি এখন ‘উন্মুক্ত’ হচ্ছে এবং বাণিজ্যিক জাহাজগুলো সেখানে ফিরতে শুরু করেছে। তবে অন্যদিকে ইরান সরাসরি হুমকি দিয়েছে, মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকলে তারা এই অঞ্চলসহ লোহিত সাগর ও ওমান সাগরের সমস্ত জাহাজ চলাচল বন্ধ করে দেবে।
ফক্স বিজনেসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালি এখন খুলছে এবং জাহাজগুলো ফিরে আসছে।”
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বিস্তারিত কোনো প্রমাণ না দিলেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এখন শেষের পথে। তিনি বলেন, “আমি মনে করি যুদ্ধ শেষ হওয়ার খুব কাছাকাছি। আমরা ইরানের সঙ্গে একটি ‘দারুণ চুক্তি’ করতে পারি।”
যদিও তিনি সতর্ক করে বলেন, “আমরা এখনো কাজ শেষ করিনি।”
ট্রাম্পের এই মন্তব্যের কিছু পরেই ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়। সোমবার থেকে কার্যকর হওয়া মার্কিন নৌ-অবরোধের প্রতিবাদে তেহরান জানিয়েছে, যদি ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ বজায় থাকে, তবে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ওমান সাগরে কোনো জাহাজ নিরাপদ থাকবে না।
মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, অবরোধের প্রথম ২৪ ঘণ্টায় ইরানের কোনো বন্দর থেকে জাহাজ বের হতে বা ঢুকতে পারেনি। অন্যদিকে, হরমুজ প্রণালিতে আগে থেকেই মাইন বসানো এবং ইরানের ড্রোন হামলার আশঙ্কায় আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এখনো সতর্কতা অবলম্বন করছে।