Advertisement Banner

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি নিহত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি নিহত
লেবাননে ইসরায়েলের হামলায় ২ বাংলাদেশি নিহত হয়েছেন। ছবি: রয়টার্স

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে এ হামলা হয়। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম।

শোক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, লেবানন প্রবাসী দুজন রেমিট্যান্সযোদ্ধার মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, বৈরুত গভীর শোক জানাচ্ছে। একই সাথে দু'জন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। বর্তমানে তাদের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগম।

সম্পর্কিত