এবার তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
এবার তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করেছে ন্যাটো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আজ বুধবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। ক্ষেপণাস্ত্রটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের ঠিক আগ মুহূর্তে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে সফলভাবে ভূপাতিত করা হয়।

ক্ষেপণাস্ত্র ধ্বংস হওয়ার পর এর ধ্বংসাবশেষ তুরস্কের হাতায় প্রদেশের দোরতিওল জেলায় পড়েছে বলে শনাক্ত করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিবৃতিতে আঙ্কারা সাফ জানিয়ে দিয়েছে, দেশের ভূখণ্ড এবং আকাশসীমা রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে তুরস্ক দ্বিধা করবে না। এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তুরস্কের যথাযথ জবাব দেওয়ার অধিকার রয়েছে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি অঞ্চলের উত্তেজনা কমাতে সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে তুর্কি সরকার।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ব্যাপক সামরিক উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল। ন্যাটোর সদস্য হিসেবে তুরস্কের এই সুরক্ষা ব্যবস্থা ব্যবহারের বিষয়টি আঞ্চলিক ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত