ads

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
ফাইল ছবি

রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়ে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।

আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মুকিমবাজার কবরস্থানের পাশের শিয়া গলির একটি বাড়ির নিচতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ভোর সাড়ে ৬টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

দগ্ধ অপর ব্যক্তি নাজমুলকে (দোকান কর্মচারী) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তার শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।

প্রতিবেশী রিফাত জানান, দেলোয়ার ভবনের তৃতীয়তলায় নাজমুলকে নিয়ে ভাড়া থাকতেন। নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শুনে তারা নিচে নামছিলেন। এ সময় হঠাৎ আরেকটি বিস্ফোরণ ঘটলে দুজনই সেখানে আটকা পড়েন।

পরে স্থানীয়রা দগ্ধ অবস্থায় নাজমুলকে উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেলোয়ারের মরদেহ উদ্ধার করে। এরপর আহত নাজমুলকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় দগ্ধ নাজমুলকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে।

ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

সম্পর্কিত