পল্লবী থেকে স্বামী-স্ত্রীসহ দুই সন্তানের মরদেহ উদ্ধার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
পল্লবী থেকে স্বামী-স্ত্রীসহ দুই সন্তানের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

আলমগীর জাহান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সিআইডির ক্রাইম সিন ইউনিটও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারটি দীর্ঘদিন আর্থিক সংকটে ভুগছিল এবং ঋণগ্রস্ত হয়ে পড়েছিল।

আলমগীর জাহান জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, আর্থিক হতাশা থেকেই এ পরিবারের সদস্যরা আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সম্পর্কিত