Advertisement Banner

“মেসির মতো খেলোয়াড় কখনোই দেখব না”

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
“মেসির মতো খেলোয়াড় কখনোই দেখব না”
মেসির মতো খেলোয়াড় কখনোই দেখবেন না, বলেছেন ক্লপ। ছবি: রয়টার্স

লিওনেল মেসির ভক্তদের যে লম্বা তালিকা, সেখানে অনেক আগেই নিজের নাম লিখিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। আর্জেন্টাইন তারকার খেলা দেখতে গ্যালারিতে হাজির হয়েছিলেন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে। দুই গোল করে তাকে হতাশ করেননি মেসি। তার এমন পারফরম্যান্স দেখে নতুন করে প্রশংসায় ভাসিয়েছেন ক্লপ।

একদিন বাদেই ৩৯-এ পা দিতে যাওয়া মেসি এই বিশ্বকাপে নিজেকে নতুনভাবে মেলে ধরছেন। বয়সের ভারে ন্যুজ না হয়ে যথারীতি নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। প্রথম ম্যাচে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে করেছেন জোড়া গোল। এর মধ্য দিয়ে হয়েছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

মেসির ইতিহাস গড়া ম্যাচ খুব কাছ থেকে দেখে ক্লপ মুগ্ধ হয়েছেন আরও একবার। বর্তমানে রেড বুলের গ্লোবাল সকার বিভাগের প্রধান হিসেবে কাজ করা এই জার্মান কোচ ম্যাচ শেষে মাঠের পাশে মেসিকে আলিঙ্গন করেন। দুজনকেই দেখা যায় হাসিমুখে।

এরপর সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে সংক্ষেপে বলেন, “মেসির মতো খেলোয়াড় আমরা আর কখনোই দেখব না।”

ডালাস স্টেডিয়ামে সোমবার রাতের ম্যাচে মেসি বিশ্বকাপে তার ১৭ ও ১৮তম গোলের দেখা পান। প্রথমার্ধে পেনাল্টি মিস না করলে টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকও হয়ে যেত। সেটা না হলেও দুই ম্যাচেই পাঁচ গোল করে এবারের আসরের গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন সবার ওপররেই। তার পেছনে আছেন কিলিয়ান এমবাপ্পে (৪ গোল) ও আর্লিং হালান্ড (৪ গোল)।

সম্পর্কিত