শুধু ভোট দিলেই হবে না, বাক্স পাহারা দিতে হবে: তারেক রহমান

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
শুধু ভোট দিলেই হবে না, বাক্স পাহারা দিতে হবে: তারেক রহমান
তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “শুধু ভোট দিয়ে চলে এলেই হবে না। যেহেতু আপনারা ধানের শীষে ভোট দিচ্ছেন, কেউ যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে। একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেবেন। বাক্স পাহারা দিতে হবে, ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যেন কেউ এদিক-ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে। নিজেদের ভোট কড়ায়-গণ্ডায় বুঝে নিয়ে তবেই বাড়ি ফিরবেন।”

আজ সোমবার বিকেলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন। এ সময় তিনি বলেন, “একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। সবাই সতর্ক থাকুন।”

তিনি আরও বলেন, “গত ১৫-১৬ বছরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি। মানুষের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এসব করেছে, তারা দেশ ছেড়ে চলে গেছে। কিন্তু, এখনো একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে যে যার ভোটকেন্দ্রের সামনে যাবেন। ওখানে গিয়ে সবাই মিলে ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ জামাতে পড়ে একদম ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন। অন্য ধর্মাবলম্বী ভাই-বোনদেরও সঙ্গে নিয়ে যাবেন।”

তারেক রহমান বলেন, “হাতিয়ার মানুষের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে বিশুদ্ধ পানির অভাব, পর্যাপ্ত স্কুল-কলেজ না থাকা, চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং কৃষিকাজে নানা প্রতিবন্ধকতা। এসব সমস্যার সমাধান করতে হলে প্রয়োজন একটি কার্যকর সরকার এবং জনবান্ধব পরিকল্পনা। জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে এসব সমস্যার সমাধানে ধাপে ধাপে কাজ শুরু করা হবে।”

নিজের কিছু পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের জীবনের মৌলিক সমস্যাগুলোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। হাতিয়ায় কর্মসংস্থানের সুযোগ সীমিত, বিশেষ করে তরুণ ও যুবকদের মধ্যে বেকারত্ব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একইভাবে খেটে খাওয়া মানুষ, মা-বোন ও কৃষকদের নানা সংকট রয়েছে। এসব শ্রেণির মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে।

নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে মেয়েদের জন্য ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা বিনা খরচে চালু করা হয়েছিল। এর ফলে বর্তমানে স্কুল-কলেজে ছেলেদের পাশাপাশি সমান সংখ্যক মেয়েরা লেখাপড়া করছে। তবে শুধু শিক্ষা নয়, ভবিষ্যতে শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হবে।”

সম্পর্কিত