নবীন শিক্ষার্থীদের র্যাগ দেওয়ার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড।
গত সোমবার অভিযুক্ত শিক্ষার্থীদের এই নোটিশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্তদের মধ্যে মার্কেটিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১৪ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১০ জন শিক্ষার্থী রয়েছেন। অভিযোগ উঠেছে, তারা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন।
অধ্যাপক মেহেদী হাসান সোহাগ বলেন, র্যাগিংয়ের মতো শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রাথমিক অভিযোগে অভিযুক্ত ২৪ জন শিক্ষার্থীকে নোটিশ পাঠানো হয়েছে। তাদের তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
অভিযুক্ত শিক্ষার্থীদের দেওয়া জবাব পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মেহেদী হাসান সোহাগ।