ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে নিখোঁজ হওয়া একটি স্কুলের চার শিক্ষার্থীর সন্ধান মিলেছে সিলেটে।
আজ বুধবার দুপুর ২টার দিকে সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির এসআই মো. মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার নেতৃত্বে একটি দল চার শিক্ষার্থীকে উদ্ধার করে। তবে তারা কী কারণে সিলেটে এসেছিল, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গীর একটি স্কুলের ওই চার শিক্ষার্থী একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর রাত পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বালিয়াডাঙ্গী থানায় চার শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।