রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলা দেখে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। নিহত দুজনই উত্তরা প্রেসক্লাবের সদস্য ছিলেন।
আজ বৃহস্পতিবার ভোরে উত্তরা-৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু ও সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান।
সাকিবুল উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং রাজু আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছিলেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানান, বড়পর্দায় বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা দেখে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তারা। পথে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়।
ওসি জানান, গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনায় জড়িত বাসটি শনাক্ত করতে এবং চালককে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানান খালিদ মনসুর।