রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিঝনেকামস্ক শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ হামলার ঘটনা ঘটে।
রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার পূর্বে অবস্থিত তাতারস্তান অঞ্চলের তাতনেফটের তানেকো তেল শোধনাগারে আঘাত হেনেছে এবং সেখানে আগুন ধরে গেছে।
রয়টার্স যাচাই করা সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে তেল শোধনাগারের ওপর ধোঁয়া উঠতে দেখা গেছে।
রুশ তদন্তকারীরা ঘটনাটিকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে ফৌজদারি মামলা করেছেন। তাদের দাবি, ইউক্রেন সরাসরি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। হামলায় নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, হামলায় শিল্প স্থাপনা ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি কিয়েভের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ করেন। তবে ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষই বারবার বলে আসছে, তারা বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালায় না।
নিঝনেকামস্কে নিহতদের মধ্যে সাতজন উজবেক নাগরিক ছিলেন বলে জানিয়েছে কাজানে অবস্থিত উজবেক কনস্যুলেট। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, তাজিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে, নিহতদের মধ্যে একজন তাজিক নাগরিকও রয়েছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, হামলার সময় নিহত ১৩ জনের মধ্যে নয়জন একটি আবাসিক ভবনে ছিলেন। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।