দেশের পাঁচ বিভাগে হতে পারে বৃষ্টি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
দেশের পাঁচ বিভাগে হতে পারে বৃষ্টি

রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, দেশের পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কম এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আজ ভোরে ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

গতকাল (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যৌথভাবে রেকর্ড করা হয়েছে রাজারহাট ও তেঁতুলিয়ায় ১৫.০ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৫ মিনিটে।

সম্পর্কিত