চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়িতে বিআরটিসির বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন মোহাম্মদ শাহজাহান (৫০) ও তার ছেলে আরিফ (২০)। তারা পাইন্দং এলাকার বাসিন্দা। উপজেলার বৃন্দাবন হাটে তাদের মোটরসাইকেল মেরামতের একটি দোকান রয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান চরচাকে বলেন, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামমুখী বিআরটিসির বাসটি আমতলা এলাকায় স্থানীয় একটি ফিডার রোড থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত দুই মোটারসাইকেল আরোহীকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে অবস্থান নেয় এবং বিআরটিসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে সাময়িক সময়ের জন্য সড়কটিতে যান চলাচল বাধাগ্রস্ত হয়।
পুলিশ কর্মকর্তা রবিউল আলম খান বলেন, বেলা সাড়ে ১১টার পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।