খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইসমাইল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল ওই এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে ইসমাইল এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিটি তার মাথায় লাগে। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা প্রথমে ইসমাইলের মাথায় গুলি করে। এরপর মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
ওসি আরও জানান, নিহত ইসমাইলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যার কারণ কারণ ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।