কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আজ বৃহস্পতিবারই হাটহাজারীর মেখল ইউনিয়নের পুণ্ডরীক ধামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ চেয়ে চিন্ময় দাসের ভাই রঞ্জন কুমার ধর চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরবরে প্যারোলে মুক্তির আবেদন করেন।
আবেদনের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাকে পাঁচ ঘণ্টার জন্য শর্তসাপেক্ষ প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে। কারাগার থেকে মুক্তির পর থেকে এই সময় গণনা করা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে আট দফা দাবিতে আন্দোলন শুরু করে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। এই জোটের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আলোচনার শীর্ষে আসেন চিন্ময় কৃষ্ণ দাস ।
পরবর্তীতে ২০২৪ সালের অক্টোবরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। ওই বছরের ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন চট্টগ্রাম আদালতে তার জামিন না মঞ্জুর হলে অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। চিন্ময় দাস উক্ত হত্যা মামলারও অন্যতম আসামি।