ads

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
ছবি: রয়টার্স

পাকিস্তানের লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪টি শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার লাহোরের কাহনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পাঞ্জাবের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদের পাশাপাশি ৩০ বছর বয়সী এক নারী শিক্ষককে উদ্ধার করা হয়েছে। তিনি ওই বেসরকারি কোচিং সেন্টারে কর্মরত ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের ভেতর থেকে শিশুদের উদ্ধারে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে অনেক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি জানান, কোচিং সেন্টারটি নিবন্ধনবিহীন ছিল এবং একটি ব্যক্তিমালিকানাধীন আবাসিক ভবনে জরাজীর্ণ ছাদের নিচে পরিচালিত হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

আজমা বোখারি আরও জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে পাঞ্জাব প্রশাসনকে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর জরিপ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিবন্ধনবিহীন কোচিং সেন্টার ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আরও কঠোর নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

লাহোর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি-অপারেশনস) ফয়সাল কামরান জানিয়েছেন, যে ঠিকাদার বা রাজমিস্ত্রি সম্প্রতি এই বাড়িটি নির্মাণ করেছিলেন, তাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, বাড়িটির একটি অংশে এখনো নির্মাণকাজ চলছিল এবং শ্রমিকেরা যখন কাজ করছিলেন, ঠিক তখনই এই ঘটনা ঘটে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত