খুলনায় যুবদল নেতা বাহদুর মুন্সির ঘর লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
বাহদুর মুন্সি উপজেলা যুবদলের সদস্য সচিব। ঘটনার পরপর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তার বাড়িতে উপস্থিত হন।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে মোটরসাইকেলে করে ছয়জন সন্ত্রাসী জলমা ইউনিয়নের তেতুলতলা গ্রামে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরে কয়েকটি গুলির শব্দ পান তারা। এরপর তারা বাহদুর মুন্সির বাড়িতে ভিড় জমান।
বাহদুর মুন্সি বলেন, “রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম। কয়েকটি গুলির শব্দ পেয়ে ঘুম ভেঙ্গে যায়। বাড়িতে অনেক মানুষের ভিড় ছিল তখন। এরপর বুঝতে পারি আমার ঘর লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। সকালেও এসেছিল পুলিশ।” তবে কারা এবং কী কারণে গুলি চালিয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
এলাকার একটি সূত্র জানায়, যুবদল নেতার ভাই সোহরাব মুন্সি উপজেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক তথ্যের উপজেলা প্রতিনিধি। তিনি বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করতেন। তাছাড়া বিভিন্নস্থানে বিচার-শালিস করতেন। মূলত তাকে ভয় দেখানোও গুলির কারণ হতে পারে বলে সূত্রটির দাবি।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ তাজুল ইসলাম চরচাকে জানান, গুলিবর্ষণের ঘটনায় যুবদল নেতার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, কয়েকটি বিষয়কে সামনে রেখে গুলির ঘটনাটি তদন্ত করা হচ্ছে।