রাজধানীর হাজারীবাগে বাসার লিফটে ওঠার সময় পড়ে গিয়ে লিফটের দরজার সঙ্গে মাথায় আঘাত পেয়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছে। তিনি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
আজ রোববার সকালে হাজারীবাগের টালি অফিস মোড় এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে কৃষ্ণ গোপাল পাল বলেন, “আমার বাবা প্রতিদিন সকালে বাসা থেকে হাঁটতে বের হতেন। আজ হাঁটা শেষে বাসায় ফিরে নিজের ফ্ল্যাটের সপ্তম তলায় যাওয়ার জন্য লিফটে উঠছিলেন। এ সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে লিফটের দরজার সঙ্গে মাথায় আঘাত পান।”
কৃষ্ণ গোপাল জানান, বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।