Advertisement Banner

কালশীতে আগুন: গ্রেপ্তার যুবক বলছেন, নারীর সঙ্গে দ্বন্দ্বের কারণে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
কালশীতে আগুন: গ্রেপ্তার যুবক বলছেন, নারীর সঙ্গে দ্বন্দ্বের কারণে
ছবি: চরচা

রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে আগুন দেওয়ার ঘটনায় নাজমুল হাসান মনি (২৬) নামে এক যুবকের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। এ ঘটনায় তাকে আসামি করে গণপূর্ত অধিদপ্তর ও স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, সোমবার রাতে ঘটনাস্থল থেকে স্থানীয়রা অভিযুক্ত মনিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে আগুন লাগানোর ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

ওসি হাসান বাসির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনি জানিয়েছেন, বস্তির এক নারীর সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে তিনি আগুন দেন। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা কারও সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোমবার বিকেলে বস্তির একটি দোকানকে কেন্দ্র করে এক যুবকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। ওই সময় অভিযুক্ত যুবক আগুন দেওয়ার হুমকিও দিয়েছিল। পরে সন্ধ্যায় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে স্থানীয়রা তাকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে সোমবার সন্ধ্যায় কালশী বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রাত সাড়ে ৩টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অন্তত দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়।

সম্পর্কিত