Advertisement Banner

ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
বিএনপির নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

ভারতে যে দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “ভারতে কোন দল ক্ষমতায় এল, তা দেখার বিষয় নয়, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি, তাই যে-ই ক্ষমতায় আসুক না কেন, সম্পর্ক একই থাকবে। ভারতের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচন করেছেন, নির্বাচিতদের আমি অভিনন্দন জানাই।”

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের জনস্বার্থকেই গুরুত্ব দেওয়ার কথা জানান গয়েশ্বর চন্দ্র রায়।

নানা সংকটের মধ্যে বর্তমান সরকার দেশের দায়িত্ব নিয়েছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “এই চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে।”

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, “সরকারকে জনগণের আকাঙ্খা বাস্তবায়নে কাজ করতে হবে। নারী নেতৃত্বকে আরও গুরুত্ব দিতে হবে। এখন আর একদলীয় শাসন ব্যবস্থা নেই, যা ইচ্ছা তা করা যাবে না।”

বিরোধী দলের সমালোচনার অবস্থান থেকেও দেশ পরিচালনায় গুরুত্ব পাবে বলে মনে করেন ক্ষমতাসীন দলের এমপি গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে শপথ নেন। এ উপলক্ষে এ কর্মসূচি করে ঢাকা জেলা ও দক্ষিণ কেরাণীগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা, উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে বিএনপির খোরশেদ আলম, মোজাদ্দেদ আলী বাবু, আশিকুর রহমান স্বপন স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসান অভি, আসাদুজ্জামান, যুবদলের মোকাররম হোসেন সাজ্জাদ, ছাত্রদলের পাভেল মোল্লা, তমিজ উদ্দিন, তাঁতী দলের হিরা হোসেন।

সম্পর্কিত