Advertisement Banner

বিশ্বকাপ দিয়েই আসছে নতুন যত নিয়ম

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বিশ্বকাপ দিয়েই আসছে নতুন যত নিয়ম
ছবি: সংগৃহীত

ফুটবলের বেশ কয়েকটি নিয়মে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে নতুন নিয়মগুলোর প্রয়োগ করা হবে। যদিও শুরুতে সংশোধিত নিয়মের প্রথম বড় পরীক্ষা হওয়ার কথা ছিল ক্লাব ফুটবলের ২০২৬-২৭ মৌসুম থেকে।

মুখ ঢেকে কথা বলা

সবচেয়ে আলোচিত পরিবর্তনের একটি হলো, মাঠে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে প্রতিপক্ষ খেলোয়াড়কে লক্ষ্য করে মুখ ঢেকে কথা বলার শাস্তি। বিশ্বকাপ থেকে কোনো খেলোয়াড় হাত, বাহু বা জার্সি দিয়ে তার মুখ ঢেকে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে উদ্দেশ্য করে কিছু বললে তাকে সরাসরি লাল কার্ড দেখাবেন রেফারি।

খেলোয়াড়দের মাঠ ত্যাগের নিয়ম

রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে চলে গেলেও খেলোয়াড়দের সরাসরি লাল কার্ড দেওয়া হবে। এছাড়া একটি দলের কোনো কর্মকর্তা যদি তার দলের খেলোয়াড়দের মাঠ ছাড়তে উসকানি দেন, তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারবেন রেফারি। আর এমন পরিস্থিতিতে ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলে সংশ্লিষ্ট দলকে পরাজিত ঘোষণা করা হবে।

থ্রো-ইন ও গোল-কিক কাউন্টডাউন

ফুটবল মাঠে সময়ক্ষেপণ একটি পরিচিত দৃশ্য। সেটা ঠেকাতে এখন থেকে থ্রো-ইন ও গোল-কিকের জন্য কাউন্টডাউন পদ্ধতি থাকবে। রেফারি হাত তুলে পাঁচ সেকেন্ডের গণনা শুরু করবেন। এই সময়ের মধ্যে বল যদি খেলায় না ফেরে, তাহলে প্রতিপক্ষ সুবিধা পাবে।

বদলি খেলোয়াড় নামানোর প্রটোকল

খেলোয়াড় বদলির ক্ষেত্রেও এসেছে নতুন নিয়ম। বদলির পরিবর্তনের সংকেত দেখানোর পর মাঠ ছাড়তে একজন খেলোয়াড় ১০ সেকেন্ড সময় পাবেন। তিনি দেরি করে মাঠ ছাড়লে বদলি খেলোয়াড়কে মাঠে নামার জন্য অতিরিক্ত সময় অপেক্ষা করতে হবে। আর খেলোয়াড়দের মাঠ ছাড়তে হবে কাছাকাছি থাকা বাউন্ডারি লাইন দিয়ে।

মাঠের বাইরে চিকিৎসা

গোলরক্ষক বাদে অন্য খেলোয়াড়দের চিকিৎসার জন্য মেডিকেল স্টাফ মাঠে প্রবেশ করলে ফের খেলা শুরু হওয়ার পর তাকে এক মিনিটের জন্য বাইরে থাকতে হবে।

তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রমও রয়েছে। গোলরক্ষকের চোট, গোলরক্ষকের সঙ্গে খেলোয়াড়দের সংঘর্ষ, একই দলের দুই খেলোয়াড়ের সংঘর্ষের ফলে চিকিৎসার প্রয়োজন হলে এই নিয়ম প্রযোজ্য হবে না। এছাড়া গুরুতর চোট (মাথায় আঘাত বা কনকাশন) বা আহত খেলোয়াড় যদি পেনাল্টি নেওয়ার জন্য নির্ধারিত থাকেন, তাহলেও চিত্রটা একই থাকবে।

গোলরক্ষক চোট পেয়ে মাঠে চিকিৎসা নিলে সেই সময়ে দুই দলের খেলোয়াড়রা মাঠের বাইরে গিয়ে কোচের সঙ্গে আর কথা বলার অনুমতি পাবেন না। খেলোয়াড়দের মাঠেই অবস্থান করতে হবে।

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রোটোকল

সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ক্ষমতাও বাড়ানো হয়েছে। ভিএআর এখন যেসব ঘটনায় হস্তক্ষেপ করতে পারবে:

  • ভুলভাবে দেখানো দ্বিতীয় হলুদ কার্ডের ভিত্তিতে লাল কার্ড দেওয়া হলে
  • রেফারি ভুল খেলোয়াড়কে কার্ড দেখালে
  • যদি ভুলভাবে কর্নার কিক দেওয়া হয়, তাহলে খেলা আবার শুরু হওয়ার আগে যদি সিদ্ধান্ত সংশোধন করা সম্ভব হয়, তাহলে ভিএআর সেখানে হস্তক্ষেপ করতে পারবে
  • খেলা পুনরায় শুরু হওয়ার আগেই কোনো ফাউল করা হলে সেটাও ভিএআরের আওতায় থাকবে। যেমন, সেট-পিস নেওয়ার আগে আক্রমণভাগের খেলোয়াড় যদি রক্ষণভাগের খেলোয়াড়কে ফাউল করেন

পানি-বিরতি

এখন থেকে ম্যাচের দুই অর্ধেই ৩ মিনিটের একটি করে পানি-বিরতি থাকবে। এই বিরতি প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে, অর্থাৎ ২২তম মিনিটের আশপাশে দেওয়া হবে। তবে এই বিরতির সময় নির্ধারণে রেফারিদের কিছুটা স্বাধীনতা দেওয়া হয়েছে। তিনি চাইলে পরিস্থিতি অনুযায়ী ২-৩ মিনিট আগেও পানিবিরতির সংকেত দিতে পারবেন।

গোলরক্ষকের চোট

গোলরক্ষক চোট পেয়ে মাঠে চিকিৎসা নিলে সেই সময়ে দুই দলের খেলোয়াড়রা মাঠের বাইরে গিয়ে কোচের সঙ্গে আর কথা বলার অনুমতি পাবেন না। খেলোয়াড়দের মাঠেই অবস্থান করতে হবে।

সম্পর্কিত