বাংলাদেশের তিন সাংবাদিকের বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধের’ নতুন মামলা প্রত্যাহার এবং সাংবাদিকতাকে অপরাধ হিসেবে গণ্য করা বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংস্থা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে)।
যে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা হলেন— শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল থেকে কারাবন্দী এই তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হাজির করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। প্রসিকিউটরদের দাবি, ২০২৪ সালের জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সংবাদ সম্মেলনে বিতর্কিত প্রশ্ন করার মাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানি দিয়েছিলেন তারা, যা পরবর্তী সময়ে রক্তক্ষয়ী দমন-পীড়নে রূপ নেয়।
সিপিজের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রাম সমন্বয়কারী কুণাল মজুমদার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “কেবল সংবাদ সম্মেলনে প্রশ্ন করার জন্য সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা আনা চরম অন্যায় এবং গভীর উদ্বেগজনক। সম্পাদনা সংক্রান্ত সিদ্ধান্তগুলো পক্ষপাতদুষ্ট বা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে, তবে তা কখনো অপরাধ হিসেবে গণ্য হতে পারে না। সম্পাদকীয় বিবেচনাকে অপরাধ হিসেবে দেখার এই প্রবণতা একটি বিপজ্জনক নজির স্থাপন করবে এবং একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করবে। কর্তৃপক্ষের উচিত অবিলম্বে এই তিন সাংবাদিককে মুক্তি দেওয়া এবং তাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ তুলে নেওয়া।”
একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে শাপলা চত্বরের ২০১৩ সালের একটি ঘটনায় গঠিত মামলায় ইতিমধ্যে অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারে ১৯৭৩ সালের আইনের অধীনে এই আইসিটি গঠিত হলেও, রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান সরকার আইন সংশোধন করে নতুন প্রেক্ষাপটে ট্রাইব্যুনাল পরিচালনা করছে। নির্ধারিত দণ্ডবিধির অস্পষ্টতার কারণে এই মামলায় সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড হওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করছে সংস্থাটি।
সিপিজের পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও বাংলাদেশের আইন মন্ত্রণালয় এবং চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।