ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্রের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্রের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। ছবি: ফেসবুক

কিশোরদের কান ধরিয়ে উঠবস করানোর ঘটনার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।

আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২ ফেসবুক গ্রুপে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে লাঠি হাতে নিয়ে কান ধরে উঠবস করানোর ঘটনায় ওই কিশোরদের কাছে ক্ষমা চেয়েছেন বলেও জানান সর্বমিত্র চাকমা।

পোস্টে সর্বমিত্র লেখেন, শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত হলেও দীর্ঘদিন ধরে সেখানে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ চলছিল। এতে নারী শিক্ষার্থীদের হয়রানি, মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনার অভিযোগ উঠেছে, যা শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য গুরুতর হুমকি তৈরি করেছে।

তার অভিযোগ, এসব বিষয়ে শিক্ষার্থীরা বারবার প্রশাসনকে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শারীরিক শিক্ষা কেন্দ্র এখনো সিসি ক্যামেরার আওতায় আনা হয়নি, নিরাপত্তা জোরদার করা হয়নি এবং বহিরাগতদের প্রবেশ ঠেকাতে দৃশ্যমান পদক্ষেপও দেখা যায়নি।

পোস্টে সর্বমিত্র আরও লেখেন, নিয়মিতভাবে বহিরাগতরা ঢাকা মেডিকেল কলেজের বিপরীত পাশের দেয়াল টপকে মাঠে প্রবেশ করছিল। নিষেধ করা হলে তারা তা অমান্য করে উল্টো স্টাফদের লক্ষ্য করে ঢিল ছুড়ে পালিয়ে যায়, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। এমন পরিস্থিতিতে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে গিয়ে তিনি একপর্যায়ে তাদের কান ধরে উঠবস করাতে বাধ্য হন বলে জানান সর্বমিত্র চাকমা।

তার ভাষ্য, “এই প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমি বহিরাগতদের প্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে তাদের কান ধরে উঠবস করাতে বাধ্য হই। এটি কোনোভাবেই আমার প্রত্যাশিত বা কাম্য আচরণ ছিল না। আমি স্বীকার করছি, এভাবে কাউকে শাস্তি দেওয়া আমার উচিত হয়নি এবং এই ঘটনার জন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি।”

ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে পোস্টে সর্বমিত্র লেখেন, “আমি মনে করি, শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে আমাকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন, আমি সে প্রত্যাশা পূরণ করতে সক্ষম হইনি। প্রশাসনের অসহযোগিতা এবং ব্যর্থতার দায় মাথায় নিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত , কারো প্রতি ক্ষুব্ধ বা অভিমানবশত নয়।”

গতকাল রোববার ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে ডাকসু সদস্য সর্বমিত্র চাকমাকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অবৈধ অনুপ্রবেশের দায়ে একদল কিশোরকে কান ধরিয়ে উঠবস করানোর দৃশ্য দেখা যায়। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েন তিনি।

সম্পর্কিত