রাজধানীর হাজারীবাগে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহমান নামে (৫৫) এক চালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে হাজারীবাগ থানাধীন মনেশ্বর রোডের একটি অটোরিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
গ্যারেজের মালিক মো. আরিফ মিয়া বলেন, “দুপুরে গ্যারেজে এসে অটোরিকশায় চার্জ দিচ্ছিলেন আব্দুর রহমান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।”
তিনি বলেন, “নিহতের গ্রামের বাড়ি নওগাঁয়। তার বাবার নাম আব্দুর রকিব। বর্তমানে হাজারীবাগ এলাকার মনেশ্বর রোডেই থাকতেন তিনি।”
চিকিৎসকের বরাতে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, “মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবহিত করা হয়েছে।”