‘শুধু নিজের নয়, সবার ভোটাধিকারও নিশ্চিত করতে হবে’

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি
‘শুধু নিজের নয়, সবার ভোটাধিকারও নিশ্চিত করতে হবে’
ময়মনসিংহের ভালুকায় আসিফ মাহমুদ। ছবি: চরচা

শুধু নিজের নয়, সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ। ময়মনসিংহের ভালুকায় আজ শনিবার বিকেলে এনসিপির পদযাত্রায় তিনি বলেন, “গত তিনটি নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। সেই আক্ষেপ আর যেন না থাকে।”

আসিফ বলেন, “আগামী নির্বাচনে শুধু নিজের ভোট দিলেই দায়িত্ব শেষ হয় না। সাধারণ মানুষ যেন নিরাপদে, নিশ্চিন্তে ভোট দিতে পারে–সেই পরিবেশ নিশ্চিত করতেই হবে।”

এই নেতা আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ।”

ভালুকার বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, “এখানে বন উজাড় হচ্ছে, জমি দখল হচ্ছে। শিল্পকারখানা গড়ে উঠলেও কর্মসংস্থান বাড়ছে না। চিকিৎসা ও মাদকের সমস্যা প্রকট। ভালুকায় শিল্প হচ্ছে ধনীদের আরও ধনী করতে। আমরা সুযোগ পেলে সম্পদের সুষম বণ্টন করব।”

মুখপাত্র বলেন, “২০০৮ সালের পর হাজারো মানুষ নির্যাতনের শিকার হয়েছে। এমন ফ্যাসিবাদ আর দেখতে চাই না। এবার দায়িত্ব জনগণের। যেমন বাংলাদেশ চান, তেমন প্রতিনিধিই বেছে নিন।”

ময়মনসিংহ-১১ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, “আমাদের স্লোগান ঐক্যবদ্ধ বাংলাদেশ। জামায়াতের প্রার্থী পাঠান ভাই জাতীয় স্বার্থে ত্যাগ স্বীকার করেছেন। আমরা বাংলাদেশপন্থী রাজনীতি চাই। কৃষকের অধিকার, নারীর নিরাপত্তা ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি মানেই জনগণের কর্মচারী। আমরাও সেই দায়িত্ব নিয়েই কাজ করব।”

ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল করিম বলেন, ৫৪ বছরের ভুল পথে আর ফিরতে চাই না। চাঁদাবাজিমুক্ত রাজনীতি গড়ে তুলতে হবে।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা হলে বিশেষ মানবাধিকার সেলের মাধ্যমে কঠোর বিচার নিশ্চিত করা হবে। নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী এডভোকেট তরিকুল ইসলাম বলেন, যারা আগে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছিল না, তারা এখন জনরোষের মুখে কথা বলছে। ভোটকেন্দ্র পাহারা দিন। নিজের ভোট নিজেই বুঝে নিন।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জামায়াতের উপজেলা আমির সাইফুল্লাহ পাঠান ফজলু, এনসিপির জেলা সদস্য ইকরাম ইলাহি সাজসহ অন্য নেতারা।

সম্পর্কিত