রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে আনিপা নিন্দিয়া (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, অতিরিক্তি মদ পানে তিনি মারা গেছেন।
শনিবার দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে। পরে আজ রোববার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আনিপা চাঁদপুরের মতলব উত্তর থানার একলাসপুর গ্রামের আশফাক ভূঁইয়ার মেয়ে। তিনি বসুন্ধরা এলাকায় ছোট ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন এবং লালমাটিয়া মহিলা বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
নিহতের ছোট ভাই তেজগাঁও কলেজে শিক্ষার্থী আকিল ভূঁইয়া জানান, তিনি ও তার বোন একই বাসায় থেকে লেখাপড়া করতেন। শনিবার রাতে বাসায় ফিরে বোনের কোনো সাড়া না পেয়ে তিনি জোরে ধাক্কা দেন। পরে দরজা খুলে ভেতরে ঢুকে বোনকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানান তিনি।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হানুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই তরুণীর কক্ষ থেকে কয়েকটি খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদপানের কারণে তার মৃত্যু হয়েছে।
রায়হানুল ইসলাম আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।