মেরুদণ্ড শক্ত করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মেরুদণ্ড শক্ত করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: ফেসবুক

বাংলাদেশ মেরুদণ্ড শক্ত করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দেশের স্বার্থের ওপর ভিত্তি করে দ্বিপাক্ষিক সম্পর্ক হবে বলেও জানান তিনি।

দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তি‌নি।

শামা বলেন, “গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত, বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে এবং সম্পর্ক এগিয়ে নেবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কারণে সেই মেরুদণ্ড এখন শক্ত হয়েছে।”

দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি চলমান প্রক্রিয়ার অংশ উল্লেখ করে শামা বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ চালিয়ে যাবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক-উভয় পর্যায়েই সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়। রাজনৈতিক দল, মত ও ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনার কথাও তুলে ধরেন তিনি।

বাংলাদেশকে এবার ভিন্ন নজরে দেখার সময় এসেছে বলেও মন্তব্য প্রতিমন্ত্রীর।

সম্পর্কিত