ads

প্রবীণ সাংবাদিক শাহেদ কামালের মৃত্যু, দাফন আজ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
প্রবীণ সাংবাদিক শাহেদ কামালের মৃত্যু, দাফন আজ
শাহেদ কামাল। ফাইল ছবি

কবি সুফিয়া কামালের বড় ছেলে ও প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল আর নেই। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিদেশে অবস্থানরত তার বোন মানবাধিকার কর্মী সুলতানা কামাল বার্তা সংস্থা বাসসকে জানান, আজ রোববার জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে মা সুফিয়া কামালের কবরের পাশে তাকে দাফন করা হবে।

এর আগে, আত্মীয়, বন্ধু-বান্ধবদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য শনিবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরের সাঁঝের মায়ায় তার মরদেহ রাখা হয়।

১৯৫৭ সালে সাংবাদিকতায় যোগ দেন শাহেদ কামাল। তিনি তৎকালীন পাকিস্তান অ্যাসোসিয়েটেড প্রেস (এপিপি)-এ কাজ শুরু করেন এবং স্বাধীনতার পর বাসসে কর্মরত ছিলেন।

স্বাধীনতার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। এর আগে তিনি নটরডেম কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

আজীবন অবিবাহিত শাহেদ কামাল বাংলাদেশের স্কাউট আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি ধ্রুপদী সংগীত, চারুকলা, সাহিত্য এবং রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে বিশেষ দক্ষতার জন্য পরিচিত ছিলেন।

সম্পর্কিত