তারেকের অপেক্ষায় আলিয়া মাঠ, শ্বশুরবাড়িতে চাইলেন ভোট

তারেকের অপেক্ষায় আলিয়া মাঠ, শ্বশুরবাড়িতে চাইলেন ভোট
আলিয়া মাদরাসা মাঠ এরইমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ছবি: চরচা

সিলেটের জনসভা থেকে নির্বাচনী প্রচার শুরু করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল– বিএনপি। এরই মধ্যে দলের চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। মাজার জিয়ারতসহ পূর্ব নির্ধারিত বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেছেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঐতিহাসিক সিলেটের আলিয়া মাদরাসা মাঠে সিলেটবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। এ উপলক্ষ্যে আলিয়ার মাঠে জড়ো হতে থাকেন দলটির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শীত উপেক্ষা করে রাতভর মাঠে আসতে থাকেন দূরদূরান্তের নেতা–কর্মীরা। চলছে নানা স্লোগান।

সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। ‘দ্যা প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তরুণদের কথা শোনেন তিনি। একই সঙ্গে দেশের ভবিষ্যৎ গঠন, রাজনীতি ও নীতিনির্ধারণে তরুণদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দেন। এখান থেকে তিনি আলিয়া মাঠে যাবেন।

কর্মসূচি অনুযায়ী, আলিয়া মাদরাসা মাঠে সমাবেশে যোগ দেওয়ার পর ফিরতি পথে মৌলভীবাজার, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। সেখান থেকে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাত ১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুরে তাঁর শ্বশুরবাড়িতে যান।

বিরামপুরে তারেক রহমান হাজারো মানুষের উপস্থিতিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এসময় তারেক রহমান বলেন, ‘‘ড. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। আমার দাবি রয়ে গেলো যাতে ১২ তারিখে এই এলাকা থেকে ধানের শীষ বিজয়ী হয়। আপনাদের কাছ থেকে এই জবান নিয়ে গেলাম।’’

তারেক রহমান বলেন, ‘‘হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরানের (র.) মাজার জিয়ারত করে এই দক্ষিণ সুরমার মাটি থেকে ১২ ফেব্রুয়ারির নির্বাচন উপলক্ষ্যে প্রচার শুর করলাম। আমি সবার কাছে দোয়া চাই। যেন ১২ ফেব্রুয়ারি আমরা জয়যুক্ত হই। যেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ যে ওয়াদাগুলা দিচ্ছি তা বাস্তবায়ন করতে পারি।’’

গত ১৫ বছরের আওয়ামী শাসনামলের প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘‘আমরা দেখেছি, গত ১৫ বছর ফ্যাসিবাদের আমলে মানুষের বাক স্বাধীনতা ছিল না। ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিলা।’’ এসময় তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, ‘‘আপনারা কি গত ১৫ বছর ভোট দিতে পেরেছিলেন?’’ তখন সবাই সমস্বরে না বলে ওঠেন।

সম্পর্কিত