রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯ কেজি ৩৩১ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার পর ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা উড়োজাহাজটিতে তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করেন।
বার্তা সংস্থা ইউএনবি জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৯টা ৩৫ মিনিটে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা উড়োজাহাজটিতে বিশেষ তল্লাশির জন্য উপস্থিত হন। এ সময় উড়োজাহাজটি যাত্রীবিহীন অবস্থায় পাওয়া যায়।
পরে রাত ৯টা ৪০ মিনিটে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে উড়োজাহাজটিতে তল্লাশি চালিয়ে একটি আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু পাওয়া যায়। সেগুলো কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হলে ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়।
কাস্টমস জানায়, প্রতিটি বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম।
ঢাকার কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে চোরাচালানটি প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটক বারগুলো তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের গুদামে জমা করা হয়েছে। অখালাসকৃত বা চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্ত পণ্যের নিষ্পত্তি পদ্ধতি সংক্রান্ত স্থায়ী আদেশ অনুযায়ী মূল্যবান ধাতু হিসেবে স্বর্ণের বারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় আজ বৃহস্পতিবার একটি ফৌজদারি মামলা করা হয়েছে।