ভোটের দিন কি শীত থাকবে, যা বলছে আবহাওয়া অফিস

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ভোটের দিন কি শীত থাকবে, যা বলছে আবহাওয়া অফিস

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের ওই দিনসহ আগে ও পরের কয়েক দিনের আবহাওয়া কেমন থাকতে পারে, সে বিষয়ে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের সই করা পূর্বাভাস অনুযায়ী, নির্বাচনের দিন সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, এদিন ভোরের দিকে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এর পরদিন ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে চতুর্থ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে পঞ্চম দিনের আবহাওয়ায়ও একই ধরনের পরিস্থিতি বিরাজ করতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ের মধ্যে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।

সম্পর্কিত