ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বৈদেশিক পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসির ফলাফল প্রকাশিত হয়েছে। বাংলাদেশি কারিকুলামে পরিচালিত দুই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ ৫ পেয়েছেন ৪ জন।
এর মধ্যে আবুধাবীর বাংলাদেশ ইসলামিক প্রাইভেট স্কুলের ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৩৬ জন। জিপিএ ৫ পেয়েছেন ৩ জন। পাশের হার ৮৮ শতাংশ।
উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া ২০ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ জন কৃতকার্য হয়েছেন। জিপিএ ৫ পেয়েছেন একজন শিক্ষার্থী।
শিক্ষাপ্রতিষ্ঠান দুটির প্রধানেরা বলেন, আমাদের প্রবাসী শিক্ষার্থীদের এই সাফল্য আশাব্যঞ্জক। আগামীতে শতভাগ পাসের হার নিশ্চিতের পাশাপাশি জিপিএ ৫ প্রাপ্তির তালিকা আরও দীর্ঘ হবে।