বরিশালে ছাত্রদলের নেতাকে কুপিয়ে জখম

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বরিশালে ছাত্রদলের নেতাকে কুপিয়ে জখম
ফাহাদ খান। ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চরাদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদ খান (৩০) দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে চরাদি ইউনিয়নের হলতা গ্রামের সরদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফাহাদ খান উপজেলার চরাদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং কামাল হোসেন খানের ছেলে।

গুরুতর অবস্থায় তাকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন।

ভুক্তভোগীর অভিযোগ, প্রতিবেশী নুরুল ইসলাম হাওলাদারের ছেলে এবং চরাদি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম রানা, মোশাররফ হোসেন (পান্নু) খানের ছেলে আরিফ খান, সুলতান খানের ছেলে কাজী রিয়াজসহ অজ্ঞাত ২ থেকে ৩ জন তার ওপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে জখম করে।

আহত অবস্থায় ফাহাদ বলেন, হলতা বাজারের এক ডিস ব্যবসায়ীর কাছে ইউপি সদস্য রানাসহ কয়েকজন চাঁদা দাবি করেন। এ ঘটনায় তিনি প্রতিবাদ করেন এবং ওই ব্যবসায়ীর সঙ্গে থানায় যান। এর জের ধরেই তার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ফাহাদ আরও অভিযোগ করেন, ইউপি সদস্য রানা স্থানীয়ভাবে প্রভাবশালী এবং তার সঙ্গে বাকেরগঞ্জ থানার ওসির সুসম্পর্ক রয়েছে।

ফাহাদের বাবা কামাল হোসেন বলেন, “গত সপ্তাহে ডিস ব্যবসায়ীর করা চাঁদাবাজির মামলায় আমার ছেলে বাদীর সঙ্গে থানায় গিয়েছিল। অন্যায়ের প্রতিবাদ করায় তারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।”

এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, ডিস ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে গত সপ্তাহে একটি চাঁদাবাজি ও একটি অন্যান্য ধারায় দুটি মামলা হয়েছে। সেই ঘটনার ধারাবাহিকতায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পর্কিত