চট্টগ্রামের চন্দনাইশে স্বামীর কোদালের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ঘাতক মোহাম্মদ সেলিমকে (২৫) আটক করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার দোহাজারী পৌরসভার উল্লাহ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম নুর হাবা (২৪)।
পুলিশ জানিয়েছে, তারা দুজনই রোহিঙ্গা। তারা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম চরচাকে বলেন, “তারা রোহিঙ্গা হলেও চন্দনাইশ উপজেলার দোহাজারীতে বাসা ভাড়া নিয়ে থাকতো। সেলিম পেশায় দিনমজুর। আজ সকালে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে কোদাল দিয়ে তার স্ত্রীকে আঘাত করে। গুরুতর আহতাবস্থায় নুরহাবাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযান চালিয়ে সেলিমকে আটক করে পুলিশ।”