Advertisement Banner

৪৭ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচার কিনেছে বিটিভি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
৪৭ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচার কিনেছে বিটিভি
ছবি: রয়টার্স

ভ্যাট-ট্যাক্স বাদে প্রায় ৪৭ কোটি টাকায় ফিফা বিশ্বকাপ সম্প্রচার কিনেছে বিটিভি। এমন তথ্য জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী জানান, এবার যে দামে কেনা হয়েছে, তা গত বিশ্বকাপের চেয়ে কম। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, সরকারি উদ্যোগে ডিজিটাল স্ক্রিনে বড় পর্দায় দেখানো হবে খেলা।

১১ জুন শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। বিশ্বকাপের এই ২৩তম আসরটি ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। তবে তা বাংলাদেশ থেকে দেখা যাবে কি না–তা নিয়ে তৈরি হয় শঙ্কা।

এমন পরিস্থিতিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় সিদ্ধান্ত হয় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মিডিয়া সম্প্রচার স্বত্ব কিনবে বিটিভি।

এরপর সম্প্রচার স্বত্ত্ব নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে আসেন ক্রীড়া ও তথ্য প্রতিমন্ত্রী। তথ্য প্রতিমন্ত্রী জানান, সম্প্রচার স্বত্ত্ব কেনা হয়েছে ৪৭ কোটি টাকায়। তবে এর এক টাকাও দিতে হবে না বিটিভিকে। সব খরচ উঠে আসছে বিজ্ঞাপন বিক্রি করে।

ফিফার সঙ্গে চুক্তির মাধ্যমে বিটিভি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ অর্জন করবে। যার ফলে রাষ্ট্রীয় এই সম্প্রচার মাধ্যমটি বিভিন্ন প্ল্যাটফর্মে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সম্প্রচার ও অনুষ্ঠান প্রচার করবে। এ টুর্নামেন্টে প্রথমবারের মতো ৪৮টি দল অংশগ্রহণ করবে এবং সবমিলিয়ে ১০০টির বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত