জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে চলতি এপ্রিলে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করছে বাংলাদেশ। ইতোমধ্যে গত শুক্রবার ৮ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে।
এই ডিজেল ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন দিয়ে পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর ডিপোতে সরবরাহ করা হচ্ছে। আজ বুধবার বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, এপ্রিল মাসে মোট ২৫ হাজার টন ডিজেল আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৮ হাজার টন ইতোমধ্যে এসেছে। আগামীকাল আরও ৫ হাজার টন ডিজেলের পাম্পিং শুরু হবে, যা ৪ থেকে ৫ দিনের মধ্যে পুরোপুরি দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে
তিনি আরও বলেন, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া এবং পাম্পিং কার্যক্রম স্বাভাবিক থাকলে পর্যায়ক্রমে পুরো চালান এপ্রিলের মধ্যেই দেশে পৌঁছে যাবে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, পরবর্তী দুই ধাপে আরও ৭ হাজার ও ৫ হাজার টন ডিজেল দেশে আনা হবে।
রবিউল আলম জানান, বর্তমানে দেশে পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে। তাই আপাতত কোনো ধরনের জ্বালানি সংকটের আশঙ্কা নেই।
তিনি বলেন, এপ্রিল মাসের মধ্যেই সম্পূর্ণ ২৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে।
এর আগে মার্চে তিন দফায় ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে।