দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অগ্রিম আয়করসহ (এআইটি) এ দুই কার্গো এলএনজি কিনতে মোট ব্যয় হবে এক হাজার ৮৫০ কোটি টাকার বেশি। খবর বাসসের।
গত সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকের সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ২০২৫-এর ১০৫(৩)(ক) বিধান অনুযায়ী জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আন্তর্জাতিক রিকোয়েস্ট ফর কোটেশন (আরএফকিউ) পদ্ধতিতে ক্রয় প্রস্তাবটি উত্থাপন করে।
প্রস্তাব অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ আগস্ট সরবরাহের জন্য এক কার্গো এলএনজি প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম ২১ দশমিক ৮৭৮ মার্কিন ডলার নির্ধারণ করে বিপি সিঙ্গাপুরের কাছ থেকে কেনার সুপারিশ করা হয়।
অগ্রিম আয়করসহ এ কার্গো এলএনজির মোট মূল্য ধরা হয়েছে ৯২৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৩৩ টাকা ৯২ পয়সা।
এ ছাড়া, আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর সরবরাহের জন্য একই প্রতিষ্ঠানের কাছ থেকে আরেক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়।
প্রতি এমএমবিটিইউর দাম ধরা হয়েছে ২১ দশমিক ৭৭৮ মার্কিন ডলার।
অগ্রিম আয়করসহ এ কার্গোর জন্য মোট ব্যয় হবে ৯২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩৬৯ টাকা ৯২ পয়সা।