রাজধানীর গুলশানে স্কুলপড়ুয়া এক কিশোরকে (১২) যৌন নির্যাতনের অভিযোগে মঈনুদ্দিন চৌধুরী নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে শাহজাদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.দাউদ হোসেন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় সকালে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত মঈনুদ্দিন একজন করপোরেট ট্রেইনার এবং পাশাপাশি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি শাহজাদপুর এলাকায় ভুক্তভোগী কিশোরের পরিবারের পাশের ফ্ল্যাটে থাকতেন।
ভুক্তভোগী ওই কিশোর বাসার পাশের মাঠে খেলার সময় অভিযুক্ত শিক্ষক তাকে ডেকে নেয়। এরপর বিভিন্ন প্রলোভনে তাকে যৌন নির্যাতন করেন। ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতিও দেখান। এ ঘটনার পর ওই কিশোর শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে তাকে ডাক্তার দেখানো হয়। এরপর ওই শিক্ষক আরেক দফা নির্যাতন করলে গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে ভুক্তভোগীর পরিবার।