চট্টগ্রামের বাঁশখালীতে আট বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব। আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেলসংলগ্ন বৈরাগ এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানায়।
মুহাম্মদ রমিজ উদ্দিন বাঁশখালীর দারুচ্ছুন্নাহ খাইরিয়া মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক। তার বাড়ি বাঁশখালীর সরল ইউনিয়নে।
মঙ্গলবার র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় মাস আগে ওই শিশু মাদ্রাসার নাজেরা বিভাগে ভর্তি হয়। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রমিজ ওই শিশুকে ধর্ষণ করে। সর্বশেষ ২৩ জুলাই ধর্ষণের পর শিশুটি তার মাকে জানায় এবং বলে দেয়, মাদ্রাসায় আর যাবে না।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বাঁশখালী থানায় রমিজকে আসামি করে মামলা করেন। পরে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বাঁশখালী থানায় সোপর্দ করে।