নিজেই নিজের পোস্টার সরালেন জামায়াত আমির

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নিজেই নিজের পোস্টার সরালেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ফেসবুক পেজ থেকে নেওয়া

নিরাপদ, পরিচ্ছন্ন এবং আধুনিক ঢাকা গড়ার অঙ্গীকারে পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) নির্বাচনী এলাকায় নিজের ব্যবহৃত ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিজ হাতে অপসারণের মাধ্যমে এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তিনি।

জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট থেকে এই তথ্য জানা যায়।

পোস্টে বলা হয়, “একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তুলতে আজ সন্ধ্যায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন এলাকায় (মিরপুর-কাফরুল) নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিজ হাতে সরাচ্ছেন।”

নির্বাচন-পরবর্তী সময়ে সাধারণত শহরের অলিগলি নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত কাগজের পোস্টার ও প্লাস্টিক ফেস্টুনে সয়লাব থাকে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। এই জনদুর্ভোগ লাঘব এবং পরিকল্পিত এলাকা গড়ে তোলার লক্ষ্যেই জামায়াত আমির দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মিরপুর ও কাফরুলের বিভিন্ন পয়েন্টে এই কর্মসূচি পালন করেন।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, কোনো শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতার এভাবে নিজ হাতে রাস্তাঘাট পরিষ্কার করা এবং প্রচারসামগ্রী সরিয়ে ফেলা দেশের রাজনীতিতে এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।

কর্মসূচিতে ডা. শফিকুর রহমানের সাথে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এই উদ্যোগের মাধ্যমে একটি আধুনিক ও সুশৃঙ্খল মিরপুর-কাফরুল গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সম্পর্কিত