এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবারের পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। প্রকাশিত ফল অনুযায়ী, গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে, তবে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
আজ সোমবার সকাল ১০টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের ফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুস সালাম।
এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৮০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৫৪৫ জন এবং ছাত্রী ৪২ হাজার ৯১৩ জন।
প্রকাশিত ফলে দেখা যায়, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৪৮ হাজার ৫৫৫ জন। তাদের মধ্যে ছাত্র ১৯ হাজার ৯৫৫ জন এবং ছাত্রী ২৮ হাজার ৬০০ জন।
এবার বরিশালে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৩ হাজার ১১৪ জন।
গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে প্রায় ৩ দশমিক ৯৭ শতাংশ। তবে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। তাছাড়া প্রতিবছরের মতো এবারও পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।