Advertisement Banner

শিক্ষায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
শিক্ষায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
ছবি: সংগৃহীত

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে আগামী অর্থবছরে এই খাতে বড় ধরনের বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। নতুন বাজেটে শিক্ষা খাতের জন্য মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির ২ শতাংশের সমপরিমাণ।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশের সমান। সে তুলনায় নতুন অর্থবছরে প্রায় ৪৯ হাজার ৪০০ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে।

সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো, শিক্ষাখাতে সরকারি বিনিয়োগ ধাপে ধাপে বাড়িয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা। এ লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং 'লার্নিং উইথ হ্যাপিনেস' ধারণাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

প্রস্তাবিত বাজেটে ষষ্ঠ শ্রেণি থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানি, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফরাসি ও জার্মান ভাষা শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণ, দরিদ্র শিক্ষার্থীদের ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহ, মিড-ডে মিল কর্মসূচির বিস্তার, 'ওয়ান টিচার, ওয়ান ট্যাব' কর্মসূচি বাস্তবায়ন এবং শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উদ্যোগও বাজেট প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে যে, রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত শিক্ষা খাতকে পুনর্গঠন করে শিক্ষার্থীদের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের মূল উদ্দেশ্য।

শিক্ষা কারিকুলামের আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্পর্কিত