জামায়াতের মাধ্যমে ইসলাম কায়েম সম্ভব নয়: চরমোনাই পীর

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি
জামায়াতের মাধ্যমে ইসলাম কায়েম সম্ভব নয়: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। ছবি: চরচা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধ্যমে ইসলাম কায়েম সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। ময়মনসিংহ-৪ (সদর) আসনের কৃষ্ণচূড়া চত্বরে আজ রোববার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নির্বাচনী পথসভায় এই মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, “আমাদের জোট থেকে বের হওয়ার মূল কারণ হলো, আমরা যখন দেখলাম জামায়াতের মাধ্যমে সংসদে ইসলামের নীতি আদর্শ বাস্তবায়ন হবে না। আমাদের মূল উদ্দেশ্য, দেশের মধ্যে ইসলামের নীতি আদর্শ বাস্তবায়ন করা। এ কারণে আমরা জোট থেকে বের হয়ে এসেছি।”

অনৈতিক আচরণের মাধ্যমে ইসলামী আন্দোলনের অনেক প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, “আমরা দেখেছি, বাংলাদেশ তামাম দুনিয়ার মাঝে একবার দুবার নয়, পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তবে বাস্তবতা হলো আল্লাহ আমাদের সাথে আছে। এখন বাংলাদেশে ইসলামের পক্ষে একমাত্র দল ইসলামী আন্দোলন। কারণ জামায়াত বলেছে, তারা প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবে।’

ময়মনসিংহ-৪ আসনের প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিনের প্রশংসা করে আমির বলেন, “ডা. নাসির অত্যন্ত ভালো মানুষ। তাকে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। মানুষের কল্যাণে কাজ করতে তাকে হাতপাখা প্রতীকে জয়যুক্ত করুন।”

পথসভায় বক্তারা দুর্নীতির অবসান ঘটিয়ে ন্যায়বিচার ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার করেন। বিশাল এই জনসভায় স্থানীয় নেতা-কর্মীরা হাতপাখা প্রতীকের সমর্থনে স্লোগান দেন।

সম্পর্কিত