রাজধানীর বাড্ডা এলাকায় একটি খাল থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আজ বুধবার দুপুরে বাড্ডা থানার সাঁতারকুলের ইয়াসিন নগর এলাকার খাল থেকে কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খালের পানিতে ভাসমান অবস্থায় পচাগলা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
মাহবুবুল আলম জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তবে এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে প্রযুক্তির সহায়তায় পরিচয় নিশ্চিত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে।
এসআই মাহবুবুল আলম আরও জানান, উদ্ধার হওয়া যুবকের পরনে কালো জিন্স প্যান্ট ও হাফ হাতা শার্ট ছিল। ঘটনাটি ঘিরে আইনগত কার্যক্রম চলমান।