সিলেটের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মরদেহগুলো উদ্ধার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন রায়নগর মিতালি আবাসিক এলাকার আব্দুস সত্তার মিয়া (৮২), তার সুরাইয়া বেগম (৭২) ও গৃহকর্মী (২৫)। প্রাথমিকভাবে গৃহকর্মীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত দম্পতির সন্তানরা দীর্ঘদিন ধরে প্রবাসে। আজ সকাল ১০টা পর্যন্ত বাসাটির দরজা বন্ধ থাকায় এবং ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা দরজার নিচ দিয়ে রক্ত সাদৃশ্য কিছু ভেসে আসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে বাসার একটি কক্ষ থেকে স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ এবং অপর একটি কক্ষ থেকে বাসার মালিক ও স্থানীয় আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়। তিনটি মরদেহই গলাকাটা ও রক্তে ভেজা অবস্থায় পড়ে ছিল।
প্রাথমিক ধারণার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। হত্যার পর ঘাতকরা বাথরুমে হাত-মুখ ধুয়ে আলামত গোপন করে সেখান থেকে সটকে পড়ে।
আইনি প্রক্রিয়ায় মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের মূল কারণ এখনো নিশ্চিত না হলেও ঘটনার রহস্য উন্মোচন ও জড়িতদের সনাক্ত করতে পুলিশের একাধিক দল ইতোমধ্যে মাঠে তদন্ত শুরু করেছে।