Advertisement Banner

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৩৪ শতাংশ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৩৪ শতাংশ
ঢাকা আইনজীবী সমিতি। ছবি: সংগৃহীত

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির দুই দিনব্যাপী নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।

আজ বৃহস্পতিবার ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ২০ হাজার ৭৮৫ জন ভোটারের মধ্যে ৭ হাজার ৬৯ জন আইনজীবী ভোট দিয়েছেন, যা মোট ভোটারের প্রায় ৩৪ শতাংশ।

আজ ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন জানান, প্রায় দুই বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে আইনজীবীরা স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছেন। তিনি বলেন, “একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পেরেছি এবং প্রার্থীরাও ভোটগ্রহণে সন্তুষ্টি প্রকাশ করেছেন।”

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর ভোট গণনা শুরু হবে। সঠিকভাবে ব্যালট সাজিয়ে গণনা শেষে আগামীকাল রাত অথবা পরদিন শনিবার সকালে ফলাফল ঘোষণা করা হতে পারে।

এবারের নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত ‘নীল প্যানেল’ এবং জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ‘সবুজ প্যানেল’ অংশ নিয়েছে। দুই প্যানেলেই ২৩ জন করে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ৮ জন।

এই প্রথম আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনে অংশ নেয়নি। তবে দলটির কয়েকজন আইনজীবী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিতে চাইলেও অনুমতি পাননি বলে অভিযোগ উঠেছে।

নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক নির্বাচনে অংশ নেন।

সম্পর্কিত