রাজশাহীতে নারী প্রার্থীকে চড়থাপ্পড় মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রাজশাহীতে নারী প্রার্থীকে চড়থাপ্পড় মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে পবা উপজেলার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। হাবিবা বেগম ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। তিনি মোহনপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা কৃষক লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক।

​হাবিবা বেগম ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ এক ব্যক্তি তার সঙ্গে তর্কে লিপ্ত হন এবং সজোরে তাকে একটি থাপ্পড় মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কোনোমতে সামলে নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করতে গেলে তাকে আবারও আঘাত করা হয়। পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করেন। স্থানীয়দের দাবি, হামলাকারী ব্যক্তির নাম রজব আলী, যিনি পবার হরিয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

​মারধরের পর দুই বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে ভোটকেন্দ্রের সামনে একটি চেয়ারে বসে হাবিবা বেগমকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তিনি জানান, ভোটারদের কাছে ক্ষমা চেয়ে ও ফুটবল প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করার সময় রজব আলী তাকে বাধা দেন এবং একপর্যায়ে শারীরিক আক্রমণ করেন। বিকেলে ৪টার দিকে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। হাবিবা জানান, প্রচণ্ড আঘাতের কারণে তিনি কানে শুনতে পাচ্ছেন না এবং কথা বলতেও তার কষ্ট হচ্ছে।

​এদিকে হাবিবা বেগমের প্রধান নির্বাচনী এজেন্ট আকবর হোসেন বলেন, “একজন নারী প্রার্থীর ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা প্রিসাইডিং কর্মকর্তাকে জানালেও তিনি কেন্দ্রের বাইরের ঘটনা বলে এড়িয়ে গেছেন। আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাইব।”

​ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত রজব আলীকে এলাকায় পাওয়া যায়নি। তবে হরিয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান রজব আলীকে তাদের দলীয় নেতা হিসেবে স্বীকার করলেও হামলার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন। কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী জানান, প্রার্থীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার কথা শুনলেও মারধরের কোনো খবর বা অভিযোগ তিনি পাননি।

সম্পর্কিত